সিলেটে শিশু সাংবাদিকতার দুদিনের কর্মশালা অনুষ্ঠিত
সিলেট নগরীতে শিশু সাংবাদিকদের দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর একটি হোটেলে শনিবার কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী ২০ শিশুর হাতে সনদ তুলে দেন সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম শিশুদের উদ্দেশে বলেন, "শিক্ষক ও অভিভাবকদের নির্দেশনা মেনে তোমার যেটি ভালো লাগবে সেই কাজটি করবে। প্রতিভা বিকাশের জন্য সঠিক গাইড যদি থাকে তবে যেকোনো পেশায় প্রতিষ্ঠিত হতে পারবে। মনের আনন্দ নিয়ে কাজ করতে হবে। মনে চাপ ফেলে কোনো কাজ করা যাবে না।"
কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মোবাইল জার্নালিজম, সাংবাদিকতা এ নীতি নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
মোবাইলে সংবাদ ধারণ বিষয়ে শিশুদের প্রাথমিক ধারণা দেন সিলেট জেলার প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ।
দ্বিতীয় দিন প্রশিক্ষণ শেষে শিশু সাংবাদিকরা চারটি দলে ভাগ হয়ে জেলার লাক্কাতুরা চা বাগানে পৃথক চারটি বিষয়ে হাতে কলমে সংবাদ প্রতিবেদন তৈরির কাজ করেন।
ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণ ও প্রশিক্ষণের বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিক ফাহমিদা ইয়াসমিন জুঁই বলেন, "আমরা এই দুই দিনে তথ্য অধিকার, সংবাদ কী, কীভাবে সংবাদ লিখতে হয়, কোনটাকে সংবাদ বলা যাবে না এবং মোবাইলে কীভাবে ভিডিও প্রতিবেদন তৈরি করতে হয় তা শিখেছি।
"চারটি গ্রুপে ভাগ হয়ে হাতেকলমে সংবাদ প্রতিবেদন তৈরি করেছি।"
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রোমান মিয়া।
প্রশিক্ষণে শিশু অধিকার নিয়ে আলোচনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া। তিনি জাতিসংঘের শিশু অধিকার সনদ ও বাংলাদেশের শিশু আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
