কুষ্টিয়ায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি আবাসন এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত দেড়টার দিকে কয়া ইউনিয়নের কয়া আবাসন এলাকা থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয় বলে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান।
এরা হলেন কয়া আবাসনের জামাল শেখের ছেলে সুমন শেখ (২৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন (২০)।
ওসি কামরুজ্জামান বলেন, “খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।
“তবে পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তা আমলে নেওয়া হবে।”
সুমনের বাবা জামাল শেখ বলেন, “রাত পৌনে ১২টার দিকে নাতির কান্নার শব্দ শুনে ছেলের ঘরের দিকে এগিয়ে যাই। গিয়ে দরজায় ধাক্কাধাক্কি ও তাদের ডাকাডাকি করি। সাড়া না দেওয়ায় ঘরের জানালা ভেঙে দেখি ছেলে রশিতে ঝুলছে আর ছেলের বউ চৌকিতে উপুড় হয়ে পড়ে আছে।
“এরপর আমি চিৎকার করলে আবাসনের লোকজন ছুটে আসে এবং ঘরের দরজা ভেঙে তাদের বাইরে আনে। স্থানীয় ডাক্তার আনা হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”
সোনিয়ার বাবা লিটন বলেন, “মোবাইলে খবর পেয়ে রাতেই আবাসনে ছুটে আসি। এসে দেখি আমার মেয়েকে ঘরের বারান্দায় শুয়ে রাখা হয়েছে। আর মেয়ের জামাইকে চিকিৎসা করা হচ্ছে।
“তারা কীভাবে মারা গেছে জানি না। ময়নাতদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।”
কয়া আবাসনের সভাপতি আজিবর রহমান বলেন, “রাত ১২টার দিকে খবর পেয়ে দৌড়ে সেখানে যাই। গিয়ে দেখি মেয়েটির গলায় বিদ্যুতের তার জড়ানো আর ছেলেটি ঝুলছে। হয়তো পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন।”
