মোংলায় তেলের ট্যাংকার দুর্ঘটনায়, অল্পের জন্য রক্ষা
মোংলা বন্দরের হিরণপয়েন্ট চ্যানেলে ডুবে থাকা কার্গোর সঙ্গে ধাক্কা লেগে একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে দেড় হাজার টন ফার্নেস ওয়েল।
চ্যানেলের ১৫ নম্বর বয়ার কাছে শনিবার সকাল পৌন ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এম টি মনোয়ার নামে একটি ট্যাংকার চট্টগ্রাম থেকে দেড় হাজার টন ফার্নেস ওয়েল নিয়ে খুলনার দৌলতপুর যাচ্ছিল। পথে ডুবে থাকা একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগে। এতে তেলের ট্যাংকারের সামনের পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে তেলের ট্যাংকারগুলো অক্ষত রয়েছে।
অন্য একটি ট্যাংকারে করে ক্ষতিগ্রস্ত ট্যাংকারের দেড় হাজার টন ফার্নেস ওয়েল সরিয়ে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
