বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপির ‘পাল্টাপাল্টি হামলা’, যুবদল নেতা ছুরিকাহত
বগুড়ায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে বলে উভয় পক্ষ অভিযোগ করেছে; যাতে এক যুবদল নেতা ছুরিকাহত হয়েছেন।
জেলার নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই যুবদল নেতাকে ছুরি মারা যারা হয়।
আহত সোহাগ হোসেন (২৬) উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক। ইউনিয়নের মুরাদপুর গ্রামের রমজান আলীর ছেলে তিনি।
তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা অভিযোগ করেন, তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পৌর আওয়ামী লীগের অফিসে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়।
“বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর পেছন থেকে হামলা করে। এতে আমাদের সাত-আটজন নেতা-কর্মী আহত হন।”
তার এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল রউফ রুবেল।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে হেটেলে এসে নাস্তা করার সময় তাদের ওপর হামলা হয়।
“আওয়ামী লীগের কর্মীরা আমাদের ওপর হামলা করে। আমাদের যুবদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক। তাছাড়া আমাদের আট-দশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।”
কোনো পক্ষই হামলার কারণ সম্পর্কে কিছু বলেনি। থানায়ও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল কালাম আজাদ।
