তিন মাস পর মিলল লাশের পরিচয়, ২ জনের স্বীকারোক্তি
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপের মধ্যে উদ্ধার এক নারীর লাশের পরিচয় তিন মাস পর শনাক্ত করেছে পুলিশ।
ওই নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় ফেনী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে একথা জানান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা।
গ্রেপ্তার দুজন হলেন আব্দুল্লাহ আনসারী মুন্না (২৩) ও মাইক্রোবাস চালক দ্বীন ইসলাম (২৩)।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারের পাশে সুন্দরপুর এলাকায় ঝোপের মধ্যে এক নারীর গলিত লাশ পায় পুলিশ।
নিহত এই নারী কুমিল্লার কোতোয়ালি থানার ধর্মপুর আমতলীর এক গৃহবধূ বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ আনসারী মুন্না বুধবার বিকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আদালতে এবং গাড়ি চালক দ্বীন ইসলাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা লোকমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
পরে তাদের ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা জানান, চলতি বছরের গত ১৩ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারের পাশে সুন্দরপুর এলাকায় ঝোপ থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরে পুলিশের তদন্তে ওই নারীর পরিচয় বের হয়ে আসে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে থোয়াই অং প্রু মারমা আরো জানান, ঘটনার এক মাস আগে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার হোটেলের শ্রমিক আব্দুল্লাহ আনসারী মুন্নার সঙ্গে মোবাইল ফোনে এই গৃহবধূর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক হয়।
“এক পর্যায়ে গত ২ সেপ্টেম্বর পরকিয়া প্রেমিক মুন্নার সাথে পালিয়ে বিয়ে করতে তিন বছর বয়সী এক সন্তানের জননী বাড়ি থেকে বের হন।”
তিনি আরও বলেন, তারা দুজন কুমিল্লার বিশ্বরোড জাগরতলী এলাকা থেকে মাইক্রোবাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়না হন। এদিকে বাড়ি থেকে বের হওয়ার সময় এই নারী ১৮ হাজার টাকা সঙ্গে নিয়ে বের হওয়ায় ক্ষুদ্ধ হন মুন্না। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে গাড়িতে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
“পরে সুযোগ বুঝে মাহসড়কের পাশে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় ঝোপের মধ্যে মরদেহ ফেলে পালিয়ে যান।”
থোয়াই অং প্রু মারমা জানান, অজ্ঞাত লাশটি উদ্ধারের বিষয়টি পার্শ্ববর্তী কয়েকটি জেলা পুলিশ সুপার কার্যালয়কে জানানো হয়। এদিকে কিছুদিন আগে অন্য একটি হত্যা মামলায় আব্দুল্লাহ আনসারী মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরবর্তীতে ফেনী জেলা পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মুন্না অজ্ঞাত ওই লাশটির পরিচয় জানান।
সংবাদ সম্মেলনে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন, ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
