২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূকে হত্যায় যুবকের ফাঁসির রায়

গাইবান্ধায় এক গৃহবধূকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসির রায় হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 09:27 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

বুধবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিত সবুজ ফকির (২৪) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গৃহবধূকে হত্যার দায় স্বীকার করছেন। এছাড়া আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় প্রদান করে।

“রায়ে সবুজ ফকিরের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেওয়া হয়।” 

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল রুজিনা বেগম (৩৫) সুন্দরগঞ্জ উপজেলার র্সবানন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে আসামি সবুজ ফকির টাকা লেনদেনের জের ধরে রুজিনার পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল দেন।

“এরপর হত্যার উদ্দেশ্যে সবুজ ফকির তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে রুজিনার পেটে জোরে আঘাত করে পালিয়ে যান।”

স্থানীয়রা রুজিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ওই রাতে তিনি মারা যান।

এই ঘটনায় একই বছরের ১০ এপ্রিল নিহত রুজিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সুন্দগরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সবুজ ফকিরকে একমাত্র আসামি করা হয়।

আসামির আইনজীবী ছিলেন সিরাজুল ইসলাম বাবু।