ঝিনাইদহের সীমান্তবর্তী গ্রাম থেকে রাসেল ভাইপার উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
শ্যামকুড় ইউনিয়নের ভবনগর থেকে মঙ্গলবার সাপটি উদ্ধার করা হয় বলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল যশোর অফিসের বেনাপোল ক্রাইম কন্ট্রোল ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট জাহাঙ্গীর আলম জানান।
জাহাঙ্গীর আলম বলেন, “উদ্ধার রাসেল ভাইপারটি লম্বায় তিন ফুট এবং এটির বয়স অনেক কম।”
ঊর্ধ্বতন কর্তৃক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটি অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
ভবনগর গ্রামের ‘প্রকৃতি প্রেমিক’ সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জানান, সাপটিকে বস্তাবন্দি করে রাখার খবর পেয়ে তিনি সেখানে যান। পরে সেটিকে রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দেন। পরে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
