২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় একজনকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় একজনকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 05:28 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম সোমবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা না দিলে আরও এক বছরের সাজার আদেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত সড়কের আব্দুল মোতালেবের ছেলে খলিলুর রহমান (৩৮), একই এলাকার জামিরুল ইসলামের ছেলে মীর সাইমুম ওরফে জিতু (৪১), খাদিমুল ইসলাম টুলুর ছেলে জুয়েল রানা (৩৫) ও মজিবর রহমান জিন্নাহর ছেলে মিতুল (৩৭)।

তাদের মধ্যে জিতু, মিতুল ও খলিল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও জুয়েল পলাতক রয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

২০১০ সালের ২২ অক্টোবর কুষ্টিয়া শহরে রেজাউল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় আদালতের এই রায় আসে।

মামলার নথি অনুযায়ী, কুষ্টিয়া শহরের শহীদ ইয়াকুব আলী সড়ক থেকে ২০১০ সালের ২২ অক্টোবর রেজাউলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। রেজাউলের সঙ্গে জুয়েলের লেনদেন ছিল। তারা উভয়ই কুষ্টিয়া শহরে বাস করতেন সে সময়।

এ ঘটনায় নিহত রেজাউলের বড় ভাই বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। পরের বছর ২২ এপ্রিল থানার এসআই তদন্ত কর্মকর্তা খবির আহমেদ নয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের পিপি অনুপকুমার নন্দী বলেন, শুনানিতে চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দিযেছে। তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে একজন এখনও পলাতক রয়েছেন। আটক বা আত্মসমর্পণের দিন তার সাজা শুরু হবে।