ময়মনসিংহের জোড়া খুনে ইউপি চেয়ারম্যানসহ আসামি ৩৬
ময়মনসিংহে ওয়াজ মাহফিল নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
নিহত দুই ভাইয়ের বাবা আলী আকবর রোববার রাতে কোতোয়ালি মডেল থানায় এই হত্যা মমালা দায়ের করেন বলে পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান।
তিনি বলেন, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।
“এ ঘটনায় রুবেল এবং মমতাজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযানে চলছে।”
গত শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ইউনিয়নে ওয়াজ মাহফিলের আয়োজন ও জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আলী আকবরের দুই ছেলে রফিকুল ইসলাম ও সফিকুল ইসলামকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিকুল।
