২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার এজাহারে ‘কারসাজি’: পুঠিয়ার ওসি কারাগারে

একটি হত্যা মামলার এজাহার পরিবর্তন করার অভিযোগে রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ওসি শাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 11:46 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

রোববার রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ইসমত আরা এ আদেশ দেন। 

ওসি শাকিলের আইনজীবী আসলাম সরকার জানান, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন শাকিল। শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে শাকিলকে কারাগারে পাঠানো আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১১ জুন রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের এক ইটভাটায় শ্রমিক নেতা নূরুলের লাশ মেলে। পরদিন তার মেয়ে নিগার সুলতানা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন।

উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নূরুল ইসলাম এক সময় উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এই ঘটনায় নুরুল ইসলামের মেয়ে পুঠিয়া থানায় আট জনকে আসামি করে এজাহার দেন; কিন্তু থানার ওই সময়ের ওসি শাকিল উদ্দিন আহমেদ সেই এজাহার পরিবর্তন করেন বলে অভিযোগ করেন মামলার বাদী নরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা।  

আসলাম সরকার জানান, নুরুল ইসলাম হত্যা মামলার এজাহার পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করে তার মেয়ে নিগার সুলতানা হাইকোটে রিট করেন।

হাই কোর্টের নির্দেশে দুদক বিষয়টি তদন্ত করে। এছাড়া হাই কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তও হয়।

আসলাম বলেন, “তদন্তে এজাহার বদলের অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় ওসি শাকিলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।”

এর আগে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী শাকিল গত ৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু ওইদিন আদালতে পূর্ণাঙ্গ নথি না থাকায় শুনানি হয়নি বলে আইনজীবী আসলাম জানান।