২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যৌতুক মামলায় শিশু বিষয়ক কর্মকর্তা কারাগারে

রংপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় এক সরকারি কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 06:02 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

রোববার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন এই আদেশ দিয়েছেন।

আসামি ইমরান মিঞা (৩৩) নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবু তালেব মিঞার ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লার মোশারফ হোসেন খানের মেয়ে মাহমুদা মারজিয়া মুক্তার (৩০) সঙ্গে ইমরান মিঞার চলতি বছরের ২১ মে বিয়ে হয়। এরপর রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে তারা বসবাস করতে থাকেন।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের কিছুদিন পর ইমরান স্ত্রী মুক্তাকে ৩০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। এতে মুক্তা রাজি না হলে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন ইমরান।

এই আদালতের পিপি খন্দকার মো. রফিক হাসনাইন বলেন, এ ঘটনায় গত ৯ অক্টোবর ইমরানকে আসামি করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মুক্তা।

“রোববার ওই মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হলে বিচারক শুনানি শেষে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”