নারায়ণগঞ্জে কলেজছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের সোনারঁগায়ে দশ বছর আগে কলেজ ছাত্রকে হত্যা দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুছারচর এলাকার জুলহাস মিয়ার ছেলে জাহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-জাহিদুল ইসলামের ছোট ভাই মো. আলমগীর (৩৫) ও মো. বাসিত (২৮), আসাদ, শাহ জামাল, জুয়েল, মমতাজ বেগম, কল্পনা বেগম, কামাল ও নজরুল ইসলাম।
যাবজ্জীবনের প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে জাহিদুল, আলমগীর ও বাসিত পলাতক রয়েছে। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বলে আসাদুজ্জামান জানিয়েছেন।
মামলার বরাতে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১১ সালের ৯ নভেম্বর রাতে সোনারগাঁয়ের মুছারচর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. শহীদুল্লাহ্ বাড়িতে টেঁটা ও ধারাল ছুরি নিয়ে হামলা চালায়।
এ সময় শহীদুল্লাহ্’র কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা এবং বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে আরও কয়েকজন আহত হয়।
এ ঘটনায় শহীদুল্লাহ বাদী হয়ে সোনারগাঁও থানায় দশজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
