২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পদ্মার ৪ নম্বর গ্রোয়েন এলাকায় ধস

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কাছে পদ্মায় নির্মাণাধীন ৪ নম্বর গ্রোয়েন এলাকায় ধস দেখা দিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 08:38 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

তবে ৫ নম্বর গ্রোয়েন হাইটেক পার্কের সুরক্ষা দেবে বলে জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ।

জেলার পবা উপজেলার হড়গ্রাম নবগঙ্গা এলকায় গিয়ে দেখা গেছে, গ্রোয়েনের পশ্চিম অংশ ধসে জিও ব্যাগ পানিতে নেমে গেছে, কার্পেটিং ছিঁড়ে গেছে, বালু পানিতে নেমে যাচ্ছে। ছোট-বড় বেশ কয়েকটি ফাটল তৈরি হয়েছে। ওই স্থান থেকে প্রায় আধা কিলোমিটার ভাটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক।

এলাকাবাসী জানান, তীর সংরক্ষণ বাঁধ না থাকায় গ্রোয়েনের পশ্চিমে নবগঙ্গা এলাকা দেড় মাস ধরে ভাঙছে। পদ্মার পানি প্রথমে নবগঙ্গার তীরে ধাক্কা খাচ্ছে। এরপর গ্রোয়েনে আঘাত করায় ধস দেখা দিয়েছে।

প্রকৌশলী শফিকুল বলেন, ভাঙা অংশ সংস্কার করা হবে। এ জন্য এরই মধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

পাউবো কর্মকর্তারা জানান, স্থায়ী নির্মাণকাজ শেষ না হওয়ায় পাউবো এর নাম দিয়েছে ‘টেম্পোরারি প্রোটেকশন অব ডিপোজিটেড ড্রেজড ম্যাটেরিয়াল’। নির্মাণকাজ শেষ হলে এর নাম হবে ৪ নম্বর গ্রোয়েন। এর উজানে রয়েছে ৫ নম্বর গ্রোয়েন।