ঝিনাইদহে হাসপাতালে ঢুকে রোগীর ছেলেকে ‘মারধর’ ছাত্রলীগ নেতার
ঝিনাইদহে হাসপাতালে ঢুকে রোগীর ছেলেকে মারধর করার পাশপাশি বিভিন্নভাবে অপদস্থ করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
জেলার মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন উপজেলার যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এস এম সরকার ওরফে হোসেন সরকার।
ঘটনার পর বিপাশকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা গিয়াস উদ্দিন সরকার ৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। তাকে ওই দিনই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তারা।
“পরদিন রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতা বিপাশসহ কয়েকজন হাসপাতালে যান। অসুস্থ বাবা ও মায়ের সামনে আমাকে চড়-ঘুষি মারেন বিপাশ। তাছাড়া গালাগাল করেন। আমাকে আমার পায়ের জুতা খুলে নিজ গালে বাড়ি মারতে বাধ্য করেন। তার কথামত নিজ গালে ছয়বার জুতার বাড়ি মারি আমি।”
তারা সেই নির্যাতনের ভিডিও করেন এবং ঘটনার পর তার বাবা আরও অসুস্থ হয়ে পড়েন বলে হোসেনের অভিযোগ।
তিনি বলেন, পরদিন তিনি তার বাবাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করান। শুক্রবার বিকালে সেখানে তিনি মারা যান।
তবে কী নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে বিস্তারিত বলতে পারেননি বাবার মৃত্যুতে শোকগ্রস্ত হোসেন।
তিনি বলেন, বিপাশের বিপক্ষ গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তিনি।
এ বিষয়ে বিপাশের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। তবে একবার তার ছোট ভাই ফোন রিসিভ করে বলেন, “ভাইয়া ফোন বাড়িতে রেখে গেছেন।”
ঘটনার পর বিপাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, “দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অরিফুজ্জামান বিপাশকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
শনিবার সকালে জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।
