২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুই জায়গায় ৮ কেজি সোনা উদ্ধার

যশোর সদর উপজেলা ও শার্শা উপজেলায় আট কেজি সোনার বার উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

যশোর প্রতিনিধি

ও বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 11:30 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, শুক্রবার বিকেলে শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের কাছে পুটখালী মসজিদবাড়ি পোস্ট এলাকা থেকে একজনকে আটক করেন তারা।

আটক কামরুল হাসান (২০) বেনাপোল বন্দর থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

কামরুলের দেহ তল্লাশি করে ১২টি সোনার বার মেলে, যার ওজন দুই কেজি ৩৯৫ গ্রাম বলে জানান বিজিবি কর্মকর্তা মনজুর-ই-এলাহী।

তিনি বলেন, ভারতে সোনার বার পাচার করার জন্য আনা হচ্ছে এমন গোপন খবর পেয়ে ওত পেতে থেকে কামরুলকে আটক করেন তারা।

তাছাড়া সদর উপজেলার নতুনহাট থেকে প্রায় ছয় কেজি ওজনের ৫০টি সোনার বারসহ দুইজনকে আটক করা হয়েছে বলে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সুবেদার আহসান হাবিবের নেতৃত্বে একটি দল বেনাপোলগামী এক মটরসাইকেলের গতিরোধ করে। তল্লাশি করলে মটরসাকেলের দুই আরোহীর শরীরের বিভিন্ন স্থানে ৫০টি সোনার বার মেলে। তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেন।