মাদারীপুরে নির্বাচনী সংঘাতে ৫ জন আহত
মাদারীপুরের রাজৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ‘হামলায়’ পাঁচজন আহত হয়েছেন।
রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, কবিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী কাঞ্চন মাতুব্বরের নির্বাচনী অফিসে বুধবার রাতে এই হামলা হয়।
কাঞ্চন মাতুব্বরের মামা ইসরাফিল হাওলাদার অভিযোগ করেন, ৪ নম্বর ওয়ার্ডের পান্তাপাড়ায় তাদের নির্বাচনী অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চান মিয়ার লোকজন হামলা চালায়। এতে কাঞ্চনের মা ফিরোজা বেগম ( ৬৫) ও অন্য এক নারীসহ পাঁচজন আহত হন।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উর্মি বারৈ জানান, রাতে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ফিরোজা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এই পুরো ঘটনাকে সাজানো নাটক দাবি করেছেন কাঞ্চনের প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী চান মিয়া।
চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমার প্রতিদ্বন্দ্বী কাঞ্চনের সাজানো নাটক। নির্বাচনী মাঠ নষ্ট করার চেষ্টা করা ছাড়া আর কিছু নয়। হামলার অভিযোগ সঠিক নয়।”
হামলার বিষয়ে পুলিশ জানলেও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
ওসি শেখ সাদী বলেন, “ইউপি সদস্যের নির্বাচনী শিবির অফিসে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।”
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে।
