‘সাংবাদিকতার প্রশিক্ষণে শিশুদের মনোজগৎ বিকশিত হবে’
সাংবাদিকদের সমাজের প্রাণ উল্লেখ করে নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন, সাংবাদিকতার প্রশিক্ষণ শিশুদের মনোজগৎকে বিকশিত করবে।
বুধবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে নেত্রকোণায় শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এই কর্মশালায় সহযোগিতা করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা জাতি, সমাজের প্রাণ। মহান সাংবাদিকতার প্রশিক্ষণ শিশুদের মনোজগৎকে বিকশিত করবে। এই শিশুরাই সামনের দিনে রাষ্ট্র, জাতি, দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবে।
তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগানোর আহবান জানান শিশুদের প্রতি।
শহরের মোক্তারপাড়া এলাকায় অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনীতে শিশু সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোণা জেলা প্রতিনিধি ও হ্যালোর সমন্বয়ক লাভলু পাল চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগী প্রয়োজক ইসরাত জাহান মনিকা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু কর্মকর্তা মীর বাবলুর রহমান, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল ও জেলা চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহ-সভাপতি এইচ আর খান পাঠান সাকি।
