ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৯
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার প্রধান ফটকের সামনে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ নয় জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে এ সংঘর্ষ ঘটে বলে থানার ওসি আমিনুর রশিদ জানান।
অন্য আহতরা হলেন- এসআই আব্দুল আজিজ, এসআই আসরাফুল ইসলাম, এএসআই আব্দুল্লাহ আল মামুন, শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া (৩০), পাবেল মিয়া (৩৪) ও রাজিব (৩০)।
স্থানীয়দের বরাতে ওসি আমিনুর রশিদ জানান, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শাওন নামের এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধরের খবর পান তার মামা কাউছার মিয়া। তখন থানায় একটি সালিশি সভা চলছিল।
তিনি জানান, সেই সভা থেকে বেরিয়ে আসছিলেন কাউছার। এ সময় থানার ফটকের সামনে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সঙ্গে কাউছারের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশে তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ওসি বলেন, “সংঘর্ষ থামাতে গিয়ে আমিসহ চার পুলিশ সদস্য আহত হই। এছাড়া আরও পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন।”
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে দ্বিতীয় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে বাধে বলে জানান তিনি।
এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
