২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গেমিং ল্যাপটপ কিনতে’ শিশুকে অপহরণ ও হত্যা, গ্রেপ্তার ৪

নরসিংদীর রায়পুরায় এক শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় চার জন গ্রেপ্তার হয়েছেন; যারা গেমিং ল্যাপটপ কিনতে এই ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2021, 07:05 PM

Updated : 02 Aug 2022, 06:39 PM

উত্তর বাখরনগর ও পিরিজকান্দি এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গেপ্তার করা হয় বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ, বালিশ এবং অপহরণে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয় বলেও জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন উত্তর বাখরনগর গ্রামের সিয়াম উদ্দিন (১৮), রাসেল মিয়া (১৯), মো. সুজন মিয়া (২৪) ও কাঞ্চন মিয়া (৫৪)।

সাহেব আলী পাঠান বলেন, “গেমিং ল্যাপটপ কেনার টাকা যোগাড় করতে ওই শিশুকে অপহরণ করা হয়। পরে দাবিকৃত মুক্তিপণ না পেয়ে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তাররা।”

নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার সকালে উত্তর বাখরনগর গ্রামের একটি ডোবা থেকে ওই গ্রামের এক প্রবাসীর আট বছরের ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। 

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, টিভিতে সিআইডি ও ক্রাইম পেট্রল সিরিয়াল দেখে উদ্বুদ্ধ হয়ে গেমিং ল্যাপটপ কেনার টাকা যোগাড় করতে প্রবাসীর এই ছেলেকে অপহরণের পরিকল্পনা করেন একই এলাকার সিয়াম ও রাসেল।

তিনি জানান, গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের দিন বাড়ির পাশের দোকানের সামনে থেকে হয় ওই শিশুকে অপহরণ করা হয়। পরে সিয়ামের বাড়ির একটি কক্ষে হাত-পা ও মুখ বেঁধে বস্তায় ভরে আটকে রাখে অপহরণকারীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এ সময় একটি অ্যাপ ব্যবহার করে ভিপিএনের মাধ্যমে অপহরণকারীরা ওই শিশুর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণের দিন সন্ধ্যায় বালিশচাপা দিয়ে শিশুকে হত্যা করা হয়।”

পরে সিয়ামের বাড়ির গোয়াল ঘরে বস্তাবন্দি লাশটি লুকিয়ে রাখা হয়। চার দিন পর রাতের অন্ধকারে লাশটি গ্রামের একটি ডোবায় ফেলে দেয় অপহরণকারীরা, যোগ করেন তিনি।

শুক্রবার সকালে ওই শিশুর মরদেহ শনাক্ত করে পরিবারের সদস্যরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় রায়পুরা থানা পুলিশ।

সাহেব আলী পাঠান বলেন, ওই শিশুর মা অপহরণের তিন দিন পর কয়েকজনকে সন্দেহজনক উল্লেখ করে থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

তিনি বলেন, শুক্রবার শিশুটির লাশ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল বাসারের নেতৃত্বে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় প্রথমে দুই জনকে উত্তর বাখরনগর ও পিরিজকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যমতে উত্তর বাখরনগর এলাকার আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।