পুলিশের উপর হামলা: ঝিনাইদহে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহের পুলিশের উপর হামলা মামলায় শৈলকুপায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের আদালত এলাকা থেকে শাওন শিকদারকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান।
শাওন শিকদার শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি।
মুনতাসিরুল বলেন, গত ২৮ নভেম্বর (রোববার) শৈলকুপা উপজেলা বিপ্রবগদিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ সেখানে গেলে একদল লোক পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। শাওন শিকদার ওই মামলার আসামি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
