২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকির অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার নবীরগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের শুরুতে একটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2021, 10:54 AM

Updated : 10 Oct 2022, 06:25 PM

রোববার সকালে ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর এ কাণ্ড ঘটান বলে প্রিসাইডিং কর্মকর্তা অফিসার আবুল খায়েরের অভিযোগ।

আবুল খায়ের বলেন, “সকাল সোয়া ৮টার দিকে মুজিবুর রহমান কেন্দ্রে এসে নৌকা প্রতীকে গোপন কক্ষে ভোট না নিয়ে  ‘ওপেন ভোট’ নেওয়ার জন্য আমাকে চাপ দেন। এতে আমি রাজি না হওয়ায় তিনি বলেন, ‘আমি প্রিসাইডিংয়ের বাপ’।”

এ নিয়ে কেন্দ্রে হট্টগোল শুরু হলে পুলিশ গিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

তবে নৌকার প্রার্থী মুজিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ অভিযোগ মিথ্যা। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।”

লাউর ফতেহপুর ইউনিয়নে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, প্রিসাইডিং অফিসারের ফোন পেয়ে তারা হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে এখন ‘শান্তিপূর্ণভাবে’ ভোট চলছে।

রির্টানিং অফিসার (উপজেলা খাদ্য নিয়ন্ত্রক) কামাল উদ্দিন বলেন,  তিনি ঘটনাটি ‘শুনেছেন’। তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে রোববার ভোট চলছে। সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।