২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে যুবককে ‘হাত-পা বেঁধে নির্যাতন’

ঢাকার ধামরাইয়ে ‘ইউপি নির্বাচনের বিরোধের’ জেরে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2021, 10:11 PM

Updated : 02 Aug 2022, 06:36 PM

সোমবার রাতে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ একথা জানান।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমানসহ (৪৬) দশ জনকে থানায় নেওয়া হয়েছে।

এর আগে দুপুরে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের পূর্ব সূত্রাপুর এলাকা থেকে পুলিশ ইসরাফিল হোসেন (৩০) নামের ওই যুবককে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।  

ইসরাফিল হোসেনের ভাই রবিউল আউয়াল বলেন, দুপুরে একদল লোক ইসরাফিলকে ডেকে নিয়ে যায়। পরে তার ভাইকে সূত্রাপুর বাজারে হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি ও রড দিয়ে বেধরক পিটায়। 

এই ঘটনায় তিনি ধামরাই থানায় মামলা করবেন বলে জানান।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ পারভেজ বলেন, বালিয়া ইউনিয়নে এক যুবককে হাত-পা বেঁধে বেধরক মারধর করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“চেয়ারম্যানসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের থানায় জন্য আনা হয়েছে। মামলার পরে বিস্তারিত জানানো হবে।”

চেয়ারম্যান মুজিবরসহ অপর যাদের থানায় নেওয়া হয়েছে তারা হলেন মুজিবরের ভাতিজা সিয়াম (২২), ধামরাইয়ের সূত্রাপুরের শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৬৮), মজিদের ছেলে সামছুল হক (৪০), নাতি সিহাব (১৮), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মো. মজিবর (৬৫), রাজন (২৯), শামীম (২৪), নাছিমা আক্তার (২৯) ও রাশেদা বেগম (২৫)।