ইউপি নির্বাচন: মুন্সীগঞ্জে সংঘর্ষ, গোলাগুলি
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার রাতে এই গণ্ডগোলের মধ্যে আব্দুল হক নামের ৪৮ বছর বয়সী এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে, যাকে ‘শ্বাসরোধে’ হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তবে পুলিশ বলছে, তার মৃত্যু হয়েছে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’।
চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূইয়া ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের মধ্যে রোববার সন্ধ্য ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষই ব্যাপক বোমাবাজি করে, গুলিও ছোড়া হয়। ভাংচুর করা হয় অর্ধশতাধিক ঘরবাড়ি।
নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূইয়ার দাবি, আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় তার সমর্থক শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজানসহ বেশ কয়েকজন আহত হন।
পাল্টা অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবন বলছেন, নৌকার লোকজনই তার কর্মীদের ওপর চড়াও হয়েছিল।
গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সংঘর্ষ-বোমাবাজির সময় খাসকান্দি গ্রামে আব্দুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়। তিন সন্তানের বাবা আব্দুল হক নৌকার সমর্থক ছিলেন বলে পরিবারের ভাষ্য।
তার স্ত্রী কল্পনা বেগম দাবী করেছেন, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন ‘গলা টিপে’ তার স্বামীকে হত্যা করেছে।
তবে আব্দুল হকের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হাসান।
আর মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেছেন, “মারা যাওয়া আব্দুল হক হৃদরোগী ছিলেন। আরও দুইবার তার হার্ট অ্যাটাক হয়েছিল। কাল রাতে আবার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
স্ত্রীর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, “যেহেতু পরিবার শ্বাসরোধে হত্যার কথা বলছে, তাই ময়নাতদন্ত করা হবে।”
