২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2021, 12:26 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

রোববার সকাল সোয়া ৭টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন (৪২) ও বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা হামিম গ্রুপের শ্রমিক ছিলেন।

কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস ছালাম বলেন, রোববার সকালে ওই দুই নারী রেল সড়ক দিয়ে হেঁটে ভাদার্ত্তী এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। এক পর্যায়ে খঞ্জনা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং একই সময়ে বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে সুরমা মেইল ট্রেন চলে আসে।

“এ সময় জেসমিন ও শাহীনুর খঞ্জনা এলাকায় থাকা রেলওয়ের সিগন্যাল খুঁটি সংলগ্ন স্থানে ছিল। দুই দিক থেকে তারা ট্রেন আসতে দেখে ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। “

আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, সকাল ৭টা ২৫ মিনিটে এক সঙ্গে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে।

“ ধারণা করা হচ্ছে ওই ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।”