সাভারে ‘বাসা থেকে ডেকে নিয়ে’ অটোরিকশা চালক হত্যা
ঢাকার সাভারে বাসা থেকে ডেকে নিয়ে এক অটোরিকশা চালকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা।
শনিবার রাতে সাভারে রাজাশন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত সোহেল হোসেন (২৮) নিলফামারী জেলার জলঢাকা থানার মোকছেদুল হোসেনের ছেলে।
তিনি সাভারে রাজাশন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, তার বন্ধু বা পরিচিতরা সোহেলকে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বের কোনো ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
নিহতের বাবা মোকছেদুল হোসেন বলেন, রাজশন বাজারে একটি দোকান বসে থাকার সময় স্থানীয় একটি ছেলে এসে বলে সোহেল রিকশার ওপর পড়ে আছে। খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলো গিয়ে দেখি আমার ছেলের পেট দিয়ে রক্ত ঝড়ছে।
পরে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যাই। কিন্তু ছেলেটাকে বাচাঁতে পারলাম না।
এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
