গোপালগঞ্জে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় গোপালগঞ্জের মুকসুদপুরের ৩ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার এ কথা জানান।
বহিষ্কৃতরা হলেন- মহারাজপুরের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, গোহালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য শাহাদত হোসেন লিটন, কাশালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ মল্লিক।
লিখিত বক্তব্যে রবিউল বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলের শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ওই ৩ নেতাকে স্ব-স্ব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তাদের বহিষ্কারাদেশ চুড়ান্ত অনুমোদনের জন্য গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, ত্রাণ ও সমাজ ক্যল্যাণ সম্পাদক হায়দার হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
