২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ভোট-যুদ্ধের সহিংসতা, ‘৩ জন গুলিবিদ্ধ’

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যশোরের শার্শার গোগা ইউনিয়নে নৌকা ও আনারস প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছেন বলে সংশ্লিষ্ট চেয়ারম্যান পদপ্রার্থীদের অভিযোগ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2021, 10:12 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

এছাড়া উলাশী ইউনিয়নে নৌকা প্রতীকের একজন সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।  

গোগা ইউনিয়নে সিংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার আর উলাশীতে হামলার ঘটনা ঘটেছে বুধবার রাতে। এসব ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী ২৮ নভেম্বর শার্শা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রতিটি ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীর বিপরীতে একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এ কারণে প্রতিনিয়ত কোনো না কোনো ইউনিয়নে নির্বাচনী সহিংসতা ঘটছে।

গোগা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের তবিবর রহমান  বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পাঁচভুলোট স্কুল মাঠে আনারস প্রতীকের কর্মী ও সমর্থকরা জড়ো হচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের ২০/২৫ জন কর্মী পিস্তল ও লাঠিসোটা নিয়ে পাঁচভুলোট স্কুল মাঠে উপস্থিত হয়।

“এরপর পরিকল্পিতভাবে আনারস প্রতীকের সমর্থকদের উপর হামলা করে এবং আনারস প্রতীকের কর্মী আশরাফুলের বুকে ও ফজের আলীর পায়ে গুলি করে।”

তাৎক্ষণিকভাবে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান।

  এ ব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। 

অপরদিতে উলাশীর নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, বুধবার সকালে উলাশী ইউনিয়নের কন্যাদাহ বাজারে নৌকা প্রতীকের গণসংযোগ ও সমাবেশ হওয়ার কথা ছিল। এদিন সকাল থেকে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আয়নাল হক কন্যাদাহ বাজারের সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

“এ ঘটনার জেরে নৌকা প্রতীকের সমর্থকরা উলাশী বাজারে গিয়ে রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে মারধর করে এবং উলাশী বাজারে আনারসের অফিস ভাঙচুর করে।”

তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে বুধবার রাতে আয়নাল হকের কয়েকজন স্বজন ও সমর্থক উইনিয়নের পাঁচটি ওয়ার্ডে তাণ্ডব চালায়।

ধলদা, রামেরডাঙ্গা, রামপুর ও লাউতাড়া গ্রামে নৌকা প্রতীকের পাঁচটি অফিস ভাঙচুর করে।

“আওয়ামী লীগ নেতা গোলাম কওছারকে (৮০) কুপিয়ে আহত করেছে। গুলি করে আহত করে নৌকা প্রতীকের কর্মী জয়নাল আবেদীনকে।”

এ ব্যাপারে আনারস প্রতীকের প্রার্থী আয়নাল হক বলেন, বুধবার দুপুরে উলাশী বাজারে তার আনারস প্রতীকের অফিস ভাংচুর করা হয়েছে। কুপিয়ে জখম করা হয়েছে রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা ও এক কর্মীকে।

তার কোনো কর্মী ও সমর্থক নৌকা প্রতীকের কোনো অফিস ভাঙচুর করেনি, কাউকে মারপিট ও গুলি করেনি বলে তার দাবি।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, গোগা ও উলাশীর ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ না থাকলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। গোগা ও উলাশী ইউনিয়নের বাজারগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, উলাশী থেকে ছয় জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন উলাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সম্বন্ধকাঠি গ্রামের সাইফুল ইসলাম, তার ছোট ভাই তরিকুল ইসলাম ও রবিউল ইসলাম রবি, রামপুর গ্রামের শিমুল হোসেন, জাহিদুল ইসলাম ও উলাশী গ্রামের আসাদুজ্জামান।