২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতা শুভর মৃত্যু

পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা গিয়ে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 01:35 AM

Updated : 02 Aug 2022, 06:35 PM

সোমবার রাত ১১টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয় বলে জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।

শুভ (৩৫) পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়া এলাকার মাহবুব এ খোদার ছেলে। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি।

পিরোজপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক জানান, গত ৭ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার পক্ষে প্রচার চালাতে শংকরপাশায় গিয়েছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা। মল্লিকবাড়ী এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। তখন গুলিবিদ্ধ হন শুভ। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি হাসান সিকদারে মাথায়ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পিরোজপুরে ভোটের প্রচারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ  

শুভকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে বর্তি করা হয়েছিল। পরে খুলনা সিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ঢাকায়।

শুভসহ অন্যদের উপর হামলার মামলার প্রধান আসামি বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান।

এদিকে শুভর মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলী সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক।