খুলনায় শিশু হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসির রায়
খুলনায় শিশু হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসির রায় দিয়েছে আদালত।
খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী সোমবার এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সাজাপ্রাপ্ত তিথি আক্তার মুক্তা জেলার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের মো. খাজা শেখের স্ত্রী।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল হক মামলার নথির বরাতে জানান, ২০২০ সালের ৫ এপ্রিল মুক্তার সৎ মেয়ে তানিশাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত তানিশার দাদা মো. আবুল বাশার শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই বছরই ৩১ মে মামলা তদন্ত শেষে পুলিশ মুক্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আইনজীবী এনামুল বলেন, মামলায় ২২ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত মুক্তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।
