গাজীপুরে মোটরবাইক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানিয়েছেন, এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে সড়কের বিভাজকের সাথে আঘাত লেগে ওই পথচারী ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেল চালকও সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে চালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে।
ওসি বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
