২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজ এক অটোরিকশা চালকের লাশ পাওয়া গেছে তিন দিন পর।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 10:26 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

রোববার দুপুরে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় একটি পুকুর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত ইজিবাইক চালক কোরবান আলী মোল্লা (৫৫) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের বাসিন্দা মৃত জান আলী মোল্লার ছেলে।

নিহতের পরিবার জানায়, বুধবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কোরবান আলী। তারপর থেকেই নিখোঁজ থাকেন কোরবান আলী। ওই সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পেয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

কোরবান আলীর ছেলে মোমিন বলেন, “নিখোঁজের পর বিভিন্ন জায়গায় খুঁজেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফেইসবুকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর দেখে রোববার সকালে মর্গে এসে দেখি আব্বার লাশ অর্ধগলিত লাশ পড়ে আছে। কোনো ছিনতাইকারী সন্ত্রাসী আমার আব্বাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে বলে ধারণা করছি।”

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি কোনো ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ পুকুরে ফেলেছে।”

ওসি জানান, জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দেওয়া সাধারণ ডায়েরি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।