জন্মদিনে স্মরণে হুমায়ূন
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মবার্ষিকীতে গাজীপুরের নুহাশ পল্লীতে তার কবরে ফুল দিয়ে এবং কেক কেটে ম্মরণ করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।
শনিবার সকালে দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে যান শাওন। পরে বেলা সাড়ে ১১টার দিকে কবর জিয়ারত, দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দুই ছেলেকে নিয়ে কেক কাটেন শাওন।
এছাড়া সকাল থেকে অনেক ভক্ত নুহাশ পল্লী আসেন প্রিয় হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধা জানান। ঘুরে দেখেন নুহাশ পল্লী।
মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা হুমায়ূন আহমেদকে ভালবাসেন, যারা তার পাঠক, নাটকের-সিনেমার দর্শক, হুমায়ূন আহমেদের গানগুলো যারা ভালবাসেন, তারা তাকে আজীবন ভালবেসে যাবেন।
“তারাই পরবর্তী প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের লেখা, সৃষ্টিকর্ম তুলে দেবেন। এটাই আমার এবং আমাদের পরিবারের আজীবনের প্রাপ্তি হবে।”
এইসব দিন রাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘অয়োময়’, ‘আজ রবিবার’-এর মতো জনপ্রিয় সব নাটকের স্রষ্টা হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে ২০১২ সালের ১৯শে জুলাই মারা যান সবার প্রিয় এই কথা সাহিত্যিক।
তার পরিচালিত প্রথম সিনেমা ‘আগুনের পরশমণি’। পরবর্তীতে তিনি নির্মাণ করেন - ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘ঘেটুপুত্র কমলা’সহ বেশ কয়েকটি সিনেমা।
