২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী সেতু বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

মেরামতের জন্য গাজীপুরে তুরাগ নদীর উপর টঙ্গী সেতু বন্ধ থাকায় গত দুদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 10:45 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে উত্তরবঙ্গের কয়েকটি জেলার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্ল্যাব ভেঙে যাওয়ায় বুধবার গভীর রাত থেকে এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার দিনভর যানজট অব্যাহত থাকে।

শুক্রবার সারাদিন জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত অন্তত ১২ কিলোমিটার সড়কে যান চলাচলের ধীর গতি ও যানজট দেখা যায়।

তবে সেতু মেরামতের পর আগামী ১০ দিনের মধ্যেই সমস্যাটি সুরাহা হবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, গত মঙ্গলবার গভীর রাতে টঙ্গী বাজারের পাশে তুরাগ নদীর উপর ঢাকায় প্রবেশের পুরোনো সেতুর স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে।

পরে লোহার পাটাতন দিয়ে সাময়িকভাবে যান চলাচল সচল রাখলেও  বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি কর্তৃপক্ষ সেতুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বিবেচনায় বুধবার রাত ১২টা থেকে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয় বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, যানবাহনের চাপে ঢাকা-টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশাল সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের আঞ্চলিক সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন হওয়ায় ঘরে ফেরার পথে যাত্রীদের চাপে সন্ধ্যার পর যানজট তীব্র আকার ধারণ করে। শুক্রবারও তা অব্যাহত থাকে। এদিন ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বাড়তে থাকে, আর বাড়তে থাকে যানজটও।

শুক্রবার জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যান চলাচলের ধীরগতি ও যানজট দেখা যায়।

উত্তরার ব্যবসায়ী মঞ্জুরুল হক শুক্রবার সকাল ৯টায় উত্তরা ঢাকা থেকে গাজীপুরের ভোগড়ার উদ্দেশ্যে রওনা দেন।

তিনি জানান, উত্তরা থেকে আব্দুল্লাহ্পুর হয়ে কামারপাড়া দিয়ে বাসটি চলতে থাকলেও প্রায় ৪ ঘণ্টায় গন্তব্যে পৌঁছেন।

ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক মো. রাজীব জানান, ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে টঙ্গীর এ যানজট এড়াতে বিকল্প বনমালা রোডে চলতে গিয়ে তাকে যানজটে পড়তে হয়। ছোট-বড় সব যানবাহনই ওই পথে ঢোকায় যানজট তৈরি হচ্ছে।

ঢাকাগামী প্রভাতি-বনশ্রী পরিবহনের বাস চালক মো. কামাল হোসেন বলেন, টঙ্গী সেতু বন্ধ হওয়ার কারণে বিকল্প পথে চলতে গিয়ে ঢাকায় ঢুকতে ও বের হতে কয়েক গুণ সময় বেশি লাগছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, কয়েকটি জেলার পরিবহন যাত্রী ও মালামাল নিয়ে টঙ্গী বন্ধ হয়ে যাওয়া এই সেতু ধরে ঢাকা প্রবেশ করত।

“বৃহস্পতিবার আমরা ঢাকার গাড়িগুলো সরাসরি টঙ্গী বাজার এলাকার বেইলি ব্রিজ দিয়ে গাজীপুরে প্রবেশ করিয়েছিলাম। আর গাজীপুরের গাড়িগুলো টঙ্গী মিলগেইট হয়ে কামারপাড়া সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করিয়েছি।”

এর ফলে ঢাকার বিভিন্ন পয়েন্টে দিনভর যানজট লেগে ছিল বলে তিনি জানান।

“তাই শুক্রবার সকাল ১১টা থেকে আমরা পরীক্ষামূলকভাবে উত্তরবঙ্গের গাড়িগুলো সরাসরি টঙ্গী বাজার বেইলি ব্রিজ দিয়ে ঢাকায় নিচ্ছি। আর ঢাকার গাড়িগুলো কামারপাড়া সড়ক দিয়ে গাজীপুরে প্রবেশ করছে। এতে কিছুটা সুফল পাচ্ছি আমরা।”

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানার পুলিশ সদস্যরাও সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে বলে তিনি জানান।

 বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের (সেতু বিভাগের) পরিচালক মো. মহিরুল ইসলাম জানান, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও অভিজ্ঞ কর্মকর্তারা শনিবার সকালে পুরানো ও বন্ধ থাকা ব্রিজটি পরিদর্শনে টঙ্গী যাবেন। পরে তাদের মতামত নিয়ে ৮/১০ দিনের মধ্যে ব্রিজটির ভাঙা অংশে মেরামত করে যানবাহনের জন্য খুলে দেওয়া হবে। তখন নতুন এ যানজট সমস্যা থাকবে না।