ভোটের সহিংসতায় আহত, ১৮ দিন পর মৃত্যু
যশোরের শার্শায় ইউপি নির্বাচনের সহিংসতায় আহত স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ১৮ দিন পর মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলি হোসেন ফকির (৫২)।
আলি হোসেন ফকির পাঁচভুলোট গ্রামের ইউছুপ আলি ফকিরের ছেলে এবং গোগা ইউনিয়নের পাঁচভুলোট ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি।
তিনি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী তবিবর রহমানের সমর্থক ছিলেন।
গত ২৩ অক্টোবর হামলার অভিযোগ তুলে শার্শা থানায় মামলা করেছিলেন অগ্রভুলট গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদের ছেলেসহ ১২ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২৩ অক্টোবর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন তবিবর রহমান। এ সময় তার সমর্থকরা তাকে অভ্যর্থনা জানাতে গোগা বাজারে আসছিলেন।
পথে নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ তার লোকজন দিয়ে তবিবরের সমর্থকদের উপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়।
তবিবর বলেন, হামলায় তার ১২ সমর্থক জখম হন, যাদের মধ্যে আলি হোসেন মাথায় আঘাত পান। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আলি হোসেন বাড়িতে ছিলেন। সৈখানে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, শুক্রবার আলি হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“যেহেতু হামলার পরপরই এই ঘটনায় থানায় মামলা হয়েছে, সেহেতু সেটিই এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে।”
এই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই বলে জানান ওসি।
