রংপুর মেডিকেল ছাত্রাবাসে শিক্ষার্থীর লাশ
রংপুর মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজের পিন্নু ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৭ নম্বর কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৩তম ব্যাচের এই শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান (২৬)। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে কলেজ কর্তৃপক্ষ খবর দেওয়ার পর ছাত্রাবাসের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
“এ সময় লাশের শরীর শক্ত ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।”
লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান তিনি।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূরুন্নবী লাইজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষার্থী ৪৩তম ব্যাচের। তিনি পাস না করায় পিছিয়ে পড়েছেন। বর্তমানে ৪৫তম ব্যাচের পরীক্ষা চলছে। তারও পরীক্ষা চলছিল। তিনি তার কক্ষে একাই ছিলেন।
“এটি অত্মহত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট না দেখে কিছু বলা যাবে না।”
