২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ সদরে নৌকা প্রতীকে ‘সিল মারা ব্যালটে ভোট’

সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়ন পরিষদের কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান পদের নৌকা প্রতীকে ‘সিল মারা’ ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 02:00 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

বৃহস্পতিবার সকালে শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৫ ও ৬ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান পদের নৌকা প্রতীকে ‘আগে থেকে’ সিল মারা ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে। 

শিয়ালকোল ইউনিয়ন পরিষদে নৌকার চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা। 

এ বিষয়ে ৫ নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “বিষয়টি প্রিজাইডিং স্যার জানে, তাকে জিজ্ঞাসা করুন। এভাবেই চলছে, আমি কিছু জানি না।”

একই সময় পাশাপাশি কয়েকটি কক্ষে গিয়েও একই অবস্থা দেখা যায়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিক্রম চক্রবর্তী বলেন, “বেশ কয়েকজন ছেলে বুথে ঢুকে নৌকা প্রতীকে সিল মেরে গেছে। আমি কিছু ব্যালট বাতিল করেছি। অন্যগুলো দেখছি।”

পাশের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আগে থেকে সিল মারা ব্যালটে ভোট গ্রহণ করতে দেখা গেছে।

এ কেন্দ্রের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্তী এরশাদ রানার (টেলিফোন প্রতীক) এজেন্ট আল্পনা খাতুন করে বলেন, “শহর থেকে এক গ্রুপ ছেলেরা এসে প্রতিটি কক্ষে ঢুকে নৌকা প্রতিকে আগেই সিল মেরে ব্যালট বাক্সে ফেলে দিয়েছে। এখন শুধু সদস্য পদের ২টি ব্যালটে ভোট হচ্ছে।”

কেন্দ্রের ৩ নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম বলেন,“আমরা কি করবো। আমাদের তো জীবন আছে।”

ভয় দেখিয়ে ব্যালট নিয়ে এ অবস্থা করে রেখে গেছে বলে জানালেন ৪ নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার ওয়াজেদ আলী।

পাশের রুমে অবস্থান করা এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোহেল রেজা বলেন, “আমাকে কেউ অভিযোগ দেয়নি। আমি বিষয়টি দেখছি।”

এ বিষয়ে শিয়ালকোল ইউপির রিটানিং কমৃকর্তা আজিজার রহমান বলেন, আমি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার মোট ১৭ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।

সিরাজগঞ্জ সদরের ৮ ইউনিয়ন পরিষদের কেন্দ্র সংখ্যা ১৬০টি। ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১৫৫জন। আর রায়গঞ্জ উপজেলার ৯টিতে কেন্দ্র সংখ্যা ১১২টি। ভোটার স্যংখা ২ লাখ ৩০ হাজার ৫৮৭ জন।

সদরের ৫টি ইউপিতে চেয়ারম্যান পদের মোট প্রার্থীর সংখ্যা ২৫জন। আর রায়গঞ্জ উপজেলার ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন ২২ জন প্রার্থী।