২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভোটের আগের রাতে সংঘর্ষ; ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে একটি ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 01:32 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার জাঙ্গাল কেন্দ্রের দখল নিয়ে ‘বহিরাগতদের’ সঙ্গে ঘণ্টাখানেক সংঘর্ষ হয়।

“বহিরাগত সন্ত্রাসীরা জাঙ্গাল কেন্দ্রটি দখলের চেষ্টা করছিল। এতে বাধা দিতে গেলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শতাধিক রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে।

“ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। জখম পুলিশ সদস্যরা ঢাকায় চিকিৎসাধীন আছেন।”

তাদের মধ্যে গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিরু মিয়া এবং এসআই সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

কেন্দ্র দখলের চেষ্টায় কোনো প্রার্থীর লোকজন জড়িত কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও আটক পাঁচজন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থক বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

অন্যদিকে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী মাসুম আহম্মেদের সমর্থকেরা বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারছিল। এ ঘটনায় আমরা বার বার চেষ্টা করেও তাদেরকে থামাতে পারিনি।

“তারা জাঙ্গাল কেন্দ্রেও একই কাজ করার সময় পুলিশ ও নৌকার সমর্থকদের এলাকাবাসী আটকে ফেলে। পরে তারা পালাতে চেষ্টা করে। তাদের ধাওয়া করে এলাকাবাসী ধরে ফেললে তাদের বাঁচাতে পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ছোড়ে। আমাদের ১৫ জনের মতো লোক আহত হয়েছেন।”

সীতাকুণ্ডে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ  

লক্ষ্মীপুরে ভোটের আগে ‘প্রতিপক্ষের হামলায়’ সদস্য প্রার্থীর ২ সমর্থক আহত  

ভোট চলছে ৮৩৫ ইউনিয়ন পরিষদে  

এসব অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদ পাল্টা প্রশ্ন তুলে বলেন, “কেন্দ্র দখলের দিন কী আর এখন আছে? আর ওটা স্বতন্ত্র প্রার্থীরই এলাকা।

“কেউ কেন্দ্র দখল করতে গেলে সেটা নিজের এলাকাতেই করবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এলাকাতে কেন করতে যাবে? স্বতন্ত্র প্রার্থী কামালের সন্ত্রাসী বাহিনী এই ঘটনা ঘটিয়েছে।”

স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন টেলিফোন প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাবা আয়নাল হক এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের মোট নয়টি ভোট কেন্দ্রে ৫৩টি ভোট কক্ষ রয়েছে। পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৮০৮ জন, মহিলা ১০ হাজার ২২৯ জন।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী রয়েছেন। অপর প্রার্থী আবুল হাসেম ইসলামী আন্দোলন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ এই তিন উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।