২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল ব্যহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 11:25 AM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বৃহস্পতিবার সকালে ভোট শুরুর আগে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ওই সংঘর্ষের পর পুলিশ দুই প্রার্থীকে 'জিজ্ঞাসাবাদের জন্য'  থানায় নিয়ে গেছে বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী মাহবুব ও ফোরকানের সমর্থকরা সকালে ভোট শুরুর আগে ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষে জড়ায়।

“দুই পক্ষই পরে মহাসড়কে গিয়ে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।”

পুলিশ ওই কেন্দ্রের বাইরে তল্লাশি চালিয়ে বেশকিছু লাঠিসোটা ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার ৩৯টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।