২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ভোটের আগের রাতে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় এক প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 09:41 AM

Updated : 07 Apr 2022, 11:52 PM

কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিঁতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার রাত সাড়ে ১২টার দিকে জয়নাল আবেদীনের মৃত্যু হয় বলে একই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান।

জয়নাল আবেদীন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন।

তিঁতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকার্য পরিচালনার দায়িত্ব পান তিনি।

আনোয়ারুল বলেন, “রাত সাড়ে ১১টার দিকে জয়নাল জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

এক পর্যায়ে তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান। পরে স্থানীয় এক চিকিৎসককে খবর দিলে তিনি এসে জয়নালকে মৃত ঘোষণা করেন।”

কুর্শা ইউনিয়ন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।