রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট চালু
বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়া রুটে ফেরি চালু হয়েছে।
শরণখোলা উপজেলার বলেশ্বর নদের রায়েন্দা ঘাট থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই ফেরি চলাচল করবে।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও পিরোজপুরের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বুধবার ফেরি চলাচল উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমিরুল আলম বলেন, “শরণখোলা উপজেলার চারপাশ নদীবেষ্টিত। এখানকার সবচেয়ে বড় নদ বলেশ্বর। এ নদ ঘিরে উপকূলীয় বাগেরহাটের সঙ্গে চারটি উপকূলীয় জেলার কয়েকটি উপজেলার নদীপথে যাতায়াত সহজ করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল।
“সেই চেষ্টা আজ বাস্তবে রুপ নিল। বলেশ্বর নদের ফেরি চলাচল শুরু হওয়ায় নদীবেষ্টিত উপকূলের মানুষের সঙ্গে যোগাযোগের পথ সুগম হল। সেই সঙ্গে তাদের সময় এবং পয়সা দুটোই সাশ্রয় হবে।”
তিনি বলেন, “বলেশ্বর নদে চালু হওয়া ফেরি এপার থেকে ওপারে যেতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগবে। এই ফেরিটি চালু হওয়ায় বাগেরহাটের সঙ্গে উপকূলীয় চার জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষের জন্য যোগযোগ বেশ সহজ হল।”
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ইসমাইল হোসেন লিটন বলেন, “বলেশ্বর নদে ফেরি চালু হওয়ায় বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও উপজেলার বাসিন্দারা দারুণ উপকৃত হয়েছে। আগে এখানকার লোকজনদের জেলা সদর ঘুরে অন্য জেলায় যেতে হত। এখন ফেরি চলাচল শুরু হওয়ায় এখান থেকে নদী পথে সরাসরি যাওয়া যাবে।”
অনুষ্ঠানে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত,মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন এসময় উপস্থিত ছিলেন।
