২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 08:54 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

মঙ্গলবার সকাল ৯টায় ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। পাঁচ শিফটের প্রথম দিনের পরীক্ষা শেষ হয় বিকাল ৪টায়।

আরও পাঁচ শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বুধবার (১০ নভেম্বর)।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক আবু হাসান জানান, ডিনদের তথ্যমতে আজকে পাঁচ শিফটের পরীক্ষায় ৪০ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩২০। এর মধ্যে ১৬০টি করে ছাত্র ও ছাত্রীদের জন্য মোট ৩২০টি আসন রয়েছে। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৬৯ হাজার ২২৬ জন।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক নিজ অনুষদে পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন।

এ সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। পরীক্ষা নির্বিঘ্ন করতে আমরা তৎপর রয়েছি।”

এর আগে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

সব শিফটের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ পাঁচ জন পরীক্ষার্থী এসেছিল পরীক্ষা দিতে যাদের পরীক্ষার তারিখ বুধবার (১০ নভেম্বর)। তাদের আগামীকালের পরীক্ষা আজকে দিতে আসার কারণ জানি না।”

এই কারণে তারা আজ পরীক্ষায় বসতে পারেনি; এছাড়া তাদের আগামীকালের পরীক্ষাও বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

এ বছর বিশ্ববিদ্যালয়ে সবমিলিয়ে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬টি ভর্তি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬৩ জন শিক্ষার্থী।

এবার পরীক্ষার্থীদের ৪৫ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ ধরে ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে। এর আগে ৬০ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর দিতে হতো পরীক্ষার্থীদের।