শিমুলিয়া-বাংলাবাজার নিয়মিত ফেরি চলাচল শুরু
পরীক্ষামূলকভাবে চালানোর পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে নিয়মিত ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার দুপুর থেকে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস নিয়মিত চালু করা হয় বলে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানান।
“পরীক্ষামূলকভাবে সকালে একটি ফেরি শিমুলিয়া থেকে কয়েকটি যানবাহন নিয়ে বাংলাবাজার যায় এবং সফলভাবে ফিরে আসে। এরপরই নিয়মিত ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।”
আশিকুজ্জামান বলেন, হালকা যানবাহন নিয়ে দিনের বেলায় মাঝারি আকারের ফেরি সীমিত পর্যায়ে চলাচল করবে। এর আগে ১৫-২০টি ফেরি চলাচল করলেও এখন চারটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
এছাড়া শিমুলিয়া থেকে ৮৭টি লঞ্চ ও ১০১টি স্পিডবোটেও যাত্রী পারাপার চলছে বলে তিনি জানান।
স্রোতের তীব্রতা বৃদ্ধির কথা বলে গত ১৮ অগাস্ট থেকে ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। পরে ৪ অক্টোবর সীমিত পর্যায়ে চালু হলেও সাত দিনের মাথায় ১১ অক্টোবর আবার ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর ১৪ ও ২৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল সফল হলেও ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।
