নারায়ণগঞ্জে কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবেদন
নারায়ণগঞ্জ সিটির ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে আনা ধর্ষণ-অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে এ বিষয়ে এসআই তৌহিদুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
কাউন্সিলর খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি। করোনাভাইরাস সংক্রমণে লাশ দাফন ও সৎকার করে আলোচনায় আসেন তিনি।
গত ২৫ অগাস্ট নারায়ণগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মাকছুদুলের বিরুদ্ধে মামলা করেন এক নারী। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেয়।
বাদী নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের নেত্রী ও পোশাক রপ্তানির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “তদন্তে কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন দাখিল করেন।“
কাউন্সিলর খোরশেদ তার বিরুদ্দে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। গত ২৪ এপ্রিল ফেইসবুকে লাইভে এসে তিনি উল্টো বাদীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন।
