রংপুরে ‘পুলিশের নির্যাতনে’ মৃত্যু: আঘাতের চিহ্ন পাননি চিকিৎসক
রংপুরে পুলিশের নির্যাতনে তাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উঠলেও ময়নাতদন্তে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে চিকিৎসক জানিয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য রাজশাহী সিআইডিতে প্রয়োজনীয় তথ্যাদি পাঠানো হয়েছে।“
গত ১ নভেম্বর পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে মাদকসেবী সন্দেহে এক ব্যক্তিকে আটকের পর পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।
তাজুল হারাগাছ পৌরসভার দালাল হাট নয়াটারী গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে।
হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, “ঘটনার দিন মাদকবিরোধী অভিযানের সময়ে নতুন বাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে হাতকড়া পরানো হয়। এতে ভয়ে তিনি মল ত্যাগ করে ফেলেন।
“হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পুলিশ হাতকড়া খুলে দেয়। এরপর পুলিশ তাজুলকে স্থানীয়দের জিম্মায় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর খবর আসে তাজুল ইসলাম মারা গেছেন।”
তাজুলের মৃত্যুর পর হারাগাছ থানায় এলাকাবাসী হামলা চালায়। এতে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তাজুলের ভাই একটি অপমৃত্যুর মামলা করেন। তাছাড়া পুলিশ দুটি মামলা করে এলাকাবাসীর বিরুদ্ধে।
