২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় রিসোর্টে কুমিরসহ অর্ধশত বন্যপ্রাণী উদ্ধার

সাতক্ষীরার একটি রিসোর্টে রাখা কুমির, অজগর ও বানরসহ অর্ধশত বন্যপ্রাণী উদ্ধার করেছে বনবিভাগ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 08:41 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

ঢাকা থেকে আসা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, বৃহস্পতিবার দুপুর থেকে ‘মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে’ অভিযান চালানো হয়।

এতে বনবিভাগ ও পশু সম্পদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ‘মোজাফফর গার্ডেন’ এর মালিক খায়রুল মোজাফফর মন্টু এবং তার অফিসের সকল কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সদর উপজেলার খড়িবিলায় ‘মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট’ নামের এই প্রতিষ্টানের বন্যপ্রাণী পোষা সংক্রান্ত বৈধ কাগজপত্র না থানায় বনবিভাগ প্রাণীগুলো নিয়ে নেয়।

উদ্ধার প্রাণীগুলোর মধ্যে রয়েছে ১০ বছর ও ৬ বছর বয়সী দুটি কুমির, ৫ থেকে ৬ বছর বয়সী দুইটি অজগর, তিনটি বাজপাখি, একটি উল্লুক, ছয়টি বানর, দুইটি সজারু, ১০টি অতিথি পাখি, অস্ট্রেলীয় হনুমান দুইটি, গুইসাপ চারটি, মদন টাক একটি ও ঈগল দুইটি।

আব্দুল্লাহ আস সাদিক গণমাধ্যমকে বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় এসব বন্যপ্রাণী এই গার্ডেনের মালিক অভিযানিক দলের কাছে প্রদান করেছেন। তারা বন্যপ্রাণী রাখার লাইসেন্স পাওয়ার জন্য চেষ্টা করেছে; কিন্তু পায়নি। তাই প্রাণীগুলো নিয়ে যাওয়া হলো।

বন অধিদপ্তর জানায়, উদ্ধার প্রাণীগুলোর বেশিরভাগের আবাসস্থল সুন্দরবন এলাকায়। তাদের খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে তাদের অবমুক্ত করা হবে।

তবে উল্লুক, শজারুসহ কয়েকটি প্রাণীর আবাসস্থল সিলেট ও চট্টগ্রাম কেন্দ্রিক। তাদেরও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।