নেত্রকোণায় নির্বাচনী সংঘাত, স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা
নেত্রকোণায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
জেলার দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, বৃহস্পতিবার রাতে তাদের থানায় মামলাটি করেন আওয়ামী লীগ প্রার্থী সুব্রত সাংমার সমর্থক শামসুল হক। দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়ালসহ ২৭ জনের বিরুদ্ধে এই মামলা করেন তিনি।
আব্দুল আউয়াল কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের স্বাতন্ত্র প্রার্থী।
ওসি শাহনুর মামলার নথির বরাতে বলেন, বৃহস্পতিবার বিকেলে বিপিনগঞ্জ বাজারে আওয়ামী লীগ সুব্রত সাংমা নির্বাচনী প্রচারণা চালান। একই সময় একই বাজারে নির্বাচনী প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল। একপর্যায়ে নির্বাচনী বিষয় নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হয়। এর জেরে রাত ৮টার দিকে সুব্রত সাংমা ও তার কর্মীদের ওপর হামলা চালানো হয়। মটরসাইকেল ভাংচুর করার পাশাপাশি কয়েকজনকে ছুরিকাঘাসহ মারধর করে কয়েকজনকে আহত করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।
পুলিশ স্বতন্ত্র প্রার্থী আউয়ালসহ অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি শাহনুর।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেরার সাতটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
