শ্রমিক নেতাকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক লীগ নেতার ২ অনুসারী আটক
নেত্রকোণার মদনে এক শ্রমিক নেতাসহ দুইজনকে কুপিয়ে জখম করার ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালীর দুই অনুসারীকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
উপজেলা সদরের মদন-কেন্দুয়া সড়কের সিএনজি স্ট্যান্ডে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান।
আহত অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের মদন উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান (৪২) ও তার ভাতিজা মোকারম হোসেনকে (২৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি উপজেলার চানগাঁও গ্রামে।
এ ঘটনায় আটকরা হলেন-চানগাঁও গ্রামের জানু মিয়ার দুই ছেলে সোহেল মিয়া (৩৫) ও মোহাম্মদ (২৭)।
ওসি বলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটনের সঙ্গে শ্রমিক নেতা হাবিবুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের এক ডজনের বেশি মামলা চলছে।
“গত ৪/৫ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটনের ছেলে সোহাগের সঙ্গে হাবিবুরের ভাতিজা মোকাররমের বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার রাত ৮ টার দিকে লিটনের অনুসারীরা হাবিবুর ও মোকাররমের ওপর হামলা চালায়।
স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।
তিনি বলেন, রাতেই অভিযান চালিয়ে উপজেলা হাসপাতাল এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
