মালিক-শ্রমিক সেতুবন্ধন শিল্প পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিল্প মালিক ও শ্রমিকদের মধ্যে শিল্প পুলিশ সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার বিকালে ঢাকার আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের প্রয়োজনে পুলিশের মধ্যে বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে; এর মধ্যে শিল্প-মালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে শিল্প পুলিশ।
বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষ; যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিভিন্ন সময় গামেন্টস সেক্টর নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং এই শিল্পে নানা ধরনের অসন্তোষ লেগে থাকত উল্লেখ করে তিনি বলেন, সেগুলো নিরসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি আয়ের চালিকা শক্তিকে আরও জোরদার করার জন্য ২০০৯-২০১০ অর্থবছরে শিল্প পুলিশ গড়েছিলেন।
“এই ১১ বছরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুন্দর ভূমিকা পালন করছে বলেই মালিক ও শ্রমিকের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছে। এই সেতুবন্ধনের জন্য আমরা আজ নিশ্চিন্তে থাকতে পারি। আমরা বলতে পারি শিল্পাঞ্চলে শিল্প পুলিশ কাজ করছে - এজন্য শিল্প প্রতিষ্ঠানগুলোরও সুন্দরভাবে কাজ চলছে।”
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও ছিলেন বিশেষ অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন।
শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম। তিনি শিল্প পুলিশের লোকবল বৃদ্ধিসহ সদস্যদের আবাসন ব্যবস্থার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, শ্রমিকদের ত্রাণকর্তা হিসেবে শিল্প পুলিশ গঠিত হয়েছে। এদেশে শিল্প পুলিশ শিল্প সহায়ক পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছে।
