মামলার আসামি দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার
গাজীপুরে বিভিন্ন মামলার আসামি এক দম্পতিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ২৩ লাখ টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় শনিবার মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর এসআই মো. আবুল হাসান বাদি হয়ে মামলা দায়ের করেন। একই দিন গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শহরের সালনা এলাকার মন্ত্রীবাড়ি রোডের একটি বাড়ি থেকে শুক্রবার রাতে বায়োজিদ হোসেন তুহিন (৪২) ও তার স্ত্রী পারভীন আক্তারকে (২৩) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তুহিনের বাড়ি নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই গ্রামে। তিনি স্ত্রী পারভীনকে নিয়ে মন্ত্রীবাড়ি রোড এলাকার মো. গিয়াস উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
ওসি বলেন, ইয়াবা বিক্রির গোপান খবরে গোয়েন্দা পুলিশের একটি দল তুহিনের বাসায় অভিযান চালায়। এ সময় তারা আলমারি ও পলিথিন ব্যাগ থেকে ৭ হাজার ৮০০ ইয়াবা জব্দ এবং তুহিন ও তার স্ত্রী পারভীনকে আটক করে।
যার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৪০হাজার টাকা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, তুহিনের বিরুদ্ধে ঢাকার উত্তরা ও ভাটারা থানায় ২০১৮ সালে এবং জয়দেবপুর থানায় ২০১৭ সালে মাদকের মামলা দায়ের করা হয়। আর পারভীনের বিরুদ্ধে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১৩ সালের মামলা রয়েছে।
