২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঘরের দরজা ভেঙে এক নবদম্পতির লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 12:24 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকালে উপজেলার কামারপাড়া থেকে তারা তাদের লাশ উদ্ধার করেন।

তারা হলেন কামারপাড়ার ঘোষবাড়ির বিজু গোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষ (২৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী তমা ঘোষ (২১)।

ওসি বলেন, বছর খানেক আগে তাদের বিয়ে হয়। গৌরাঙ্গ স্থানীয় বাজারে মিষ্টির দোকান চালাতেন। বিয়ের পর প্রথম থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল যাচ্ছিল না। স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরেন গৌরাঙ্গ। সকালে স্বামী-স্ত্রীর কেউই ঘুম থেকে না ওঠায় স্বজনরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে লাশ দেখতে পান।

“গৌরাঙ্গের লাশ মেঝেতে আর তার স্ত্রীর লাশ বিছানায় পড়ে ছিল। স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে স্বামীর শরীরের কয়েকটি স্থানে কাটা দাগ আছে। ধারণা করা হচ্ছে গৌরাঙ্গ তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।”

লাশ মর্গে পাঠানোর প্রস্তুতিসহ পুলিশ ঘটনা তদন্ত করে দেখতে বলে জানান ওসি।